জসীম উদ্দীন ইতি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণের আমানত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি আইনি ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কেউ যদি টাকা আত্মসাৎ বা কাজের মান নিয়ে নয়ছয় করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। প্রতিটি প্রকল্পের অর্থ যেন সরাসরি জনগণের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কড়া নজর রাখার আহ্বান জানান তিনি।
কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানির স্তর ঠিক রাখতে খাল ও নদী খনন অত্যন্ত জরুরি। এর ফলে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি মাছ চাষ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথাও তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব দেশের কৃষি ও সাধারণ মানুষের ওপর পড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদন বাড়াতে হবে এবং কৃষিবান্ধব প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা নদীটি পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে অঞ্চলের কয়েক হাজার একর জমিতে সেচ সুবিধা সহজতর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫