আশরাফুজ্জামান সরকার:
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৯টি পরিবার। এ সময় খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—মামুন মিয়া (২৫), আলো বেগম (২০), মরিয়ম বেগম (৬০) ও আতিয়ার রহমান (৫০)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আতিয়ার রহমান।
মামলার এজাহার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ভাগী-শরীক রমজান আলী ও শহিদুল ইসলাম গংদের সঙ্গে রহমান গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রমজান ও শহিদুল গংরা দেশীয় অস্ত্র হাতে আতিয়ার গংদের ওপর হামলা চালায়। এতে আতিয়ার গংদের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে হামলাকারীরা প্রতিপক্ষ আতিয়ার গংদের বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বাঁশের ঘিরা দিয়ে বন্ধ করে দেয়। এতে ৯টি পরিবারের শিশুসহ অন্তত ২৫ জন অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ভুক্তভোগীদের একাধিক খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫