আসাদুর রহমান হাবিব:
আজ ২৬শে আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ১৯ বছরেও বাস্তবায়ন হয়নি বহুল আলোচিত ৬ দফা চুক্তি, বরং এ পর্যন্ত দুইটি মামলা হয়েছে বলে জানা গেছে।
২০০৬ সালে এই দিনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে দেশ ত্যাগে বাধ্য করার দাবিতে আন্দোলনে নামেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ীর বিভিন্ন অরাজনৈতিক পেশাজীবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীসহ কয়লাখনি এলাকার হাজারো মানুষ।
ঐদিন আন্দোলনরত গণমানুষের উপর টিআর সেল ও নির্বিচারে গুলি চালায় পুলিশ ও বিজিবি। এতে নিহত হন আমিন, সালেকিন ও তারিকুল, আহত হন কয়েক শত আন্দোলনকারী।
প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার, ২৬শে আগস্টকে রক্তাক্ত ফুলবাড়ী ট্রাজেডি দিবস হিসেবে পালন করছে জাতীয় কমিটি, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং খনি এলাকার সাধারণ মানুষ।
সকাল সাড়ে ৯টায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করে ফুলবাড়ী শহরে কালো ব্যানারসহ শোকর্যালি বের করেন। পরে শহীদ আসাদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০০৬ সালের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বক্তারা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। বর্তমান সরকার জনগণের স্বার্থে কাজ করার কথা বলেছে—আমরাও তা প্রত্যাশা করি।”
১৯ বছর পূর্ণ হলেও এখনো ৬ দফা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৬ সালের ২৬শে আগস্ট, তৎকালীন সরকারি বাহিনীর গুলিতে ৩ জন শহীদ হন, আহত ও পঙ্গু হন দুই শতাধিক মানুষ। এই আত্মত্যাগের বিনিময়েই রক্ষা পায় প্রাণ, প্রকৃতি, কৃষিজমি, বসতভিটা ও জাতীয় সম্পদ।
তারা বলেন, ফ্যাসিস্ট আমলের দায়ের করা অনেক মামলা প্রত্যাহার করা হলেও ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।
বক্তারা আরও বলেন, অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি ও প্রকল্প বাতিল করে রাষ্ট্র সংস্কারের দাবি বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫