মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, হিলি প্রেসক্লাব, আনসার, স্কাউটস, হিলি স্থল শুল্ক স্টেশন, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি., হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাহিলি পাইলট স্কুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী সার্কেল এএসপি আ.ন.ম. নিয়ামত উল্লাহ এবং ওসি মো. জাকির হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, বীর মুক্তিযোদ্ধাগণ মাঠে উপস্থিত থাকলেও তাঁদের ডাকা হয়নি।
এরপর পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে একই মাঠে বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা, মোরগের লড়াই, দড়ি খেলা এবং ভদ্র মহিলাদের জন্য বাজনার তালে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সবশেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিচারকমণ্ডলীকে সম্মাননা স্মারক প্রদান এবং উপস্থাপক, খেলা পরিচালক ও গণমাধ্যমকর্মীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ সময় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫