মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে পরিবার বজ্রপাতে মৃত্যুর গুজব ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে পরদিন সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান—ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত খুঁজে পায়নি। পরবর্তীতে বিস্তারিত তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে তাদের বজ্রপাতে মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করা হচ্ছিল, যা সন্দেহজনক হওয়ায় বিষয়টি গভীরভাবে তদন্ত করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলছেন—কেন একটি মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার চেষ্টা করা হলো?
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫